ভারতীয় দূতাবাসের সামনে আধিপত্যবাদবিরোধী কর্মসূচি এনসিপির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় দূতাবাস অভিমুখে আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি পালন করছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। গতকাল বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার শতাধিক সদস্য এই মার্চ নিয়ে আসেন। তবে মার্চটি দূতাবাস পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশ বাধা দেয়। পরে শাহজাদপুর এলাকার রাস্তায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তারা বলেন, বাংলাদেশে নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গুম-খুনের সাথে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে।
নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে এ দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে। ওসমান হাদিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এখনো বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে। বিশ্বের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে এমন হত্যাকাণ্ড বেশি ঘটছে। আগামী নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচনে ওয়াশিংটন, মস্কো, বেইজিং কিংবা দিল্লির কোনো হস্তক্ষেপ আমরা মানব না।
এনসিপি নেতাকর্মীরা আরো বলেন, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে যেভাবে বিশ্বসেরা বোলার বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মোস্তাফিজকে যেভাবে মাত্র দুই দিনের মধ্যে দল থেকে বাদ দেয়া হয়েছে, ঠিক সেভাবেই বৈধ কাগজপত্র ছাড়া যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করছেন, তাদেরও বের করে দেয়ার দাবি জানাচ্ছি।