চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে না নিয়ে আত্মসাৎ
নোয়াখালীর হাতিয়া ও চরজব্বারে ৬০ লাখ টাকার কাপড়ের রোল উদ্ধার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের গার্মেন্টসে না নিয়ে আত্মসাৎ করা ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করেছেন সিএমপির ডিবি (উত্তর) সদস্যরা। সোমবার দিনভর নোয়াখালীর হাতিয়া ও চরজব্বারে অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপি সূত্র জানিয়েছে, গত ২৪ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড কর্তৃক আমদানিকৃত ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের রোল একটি কাভার্ডভ্যানে চট্টগ্রাম বন্দর থেকে লোড করে গাজীপুর চৌরাস্তায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোলরোডের চিটাগাং ফিলিংস্টেশনে রাখা হয়। এসব কাপড়ের ওজন প্রায় সাড়ে ৯ মেট্রিক টন এবং মূল্য প্রায় ৬০ লাখ টাকা। পরে চিটাগাং ফিলিংস্টেশন থেকে ২৫ এপ্রিল মধ্যরাত ৩টার দিকে কাপড়ের কাভার্ডভ্যানটি গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। কিন্তু গাজীপুরে না গিয়ে ড্রাইভারসহ অন্য আসামিরা আমদানি করা ১৬৩টি কাপড়ের রোল আত্মসাৎ করে। এ ব্যাপারে সিএমপির হালিশহর থানায় একটি মামলা হয়।
মামলার পর উপপুলিশ কমিশনার ডিবি (উত্তর) বিভাগের নির্দেশনায় ইন্সপেক্টর মো: জামির হোসেন জিয়ার নেতৃত্বে একটি টিম ছায়া তদন্ত শুরু করেন। ছায়া তদন্তকালে তারা গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া ও চরজব্বারে অভিযান চালায়। এ সময় হাতিয়ার ১ নং হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকা থেকে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। পরে চরজব্বার থানার চরমজিদ ভুঁইয়ার হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে আরো ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি আবুল বাসারকে (২৬) গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।