শেরপুরে ধানের শীষের সিল দেয়া ব্যালটসহ ৩টি ব্যালট বই উদ্ধার
Printed Edition
শেরপুর প্রতিনিধি
ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেয়া ৫৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো: মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়ার আদালতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিল্লাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা দেয়া হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহিদুল ইসলাম জানান, কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দু’টি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল।
লাগোয়া আলিনাপাড়া গ্রামের শরাফত আলী ও হেলাল উদ্দিন বলেন, এই রকম সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট এর আগে কখনো দেখিনি। যার যার ভোট দিতে পেরেছি। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নারী ভোটার মনোয়ারা বেগম বলেন, এই রহম সুষ্ঠ সুন্দর ভোট এর আগে আর দেহিনাই। এইবার আমার ভোটটা আমি দিবার পাইছি।’