কুমিল্লায় দুই শিশুসহ মাকে গলা কেটে ও রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

Printed Edition

কুমিল্লা ও রাজবাড়ী প্রতিনিধি

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ তিনজনকে গলা কেটে হত্যা এবং রাজবাড়ীতে মাত্র আড়াই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কুমিল্লার হোমনা উপজেলায় একই পরিবারের তিনজনকে ঘরের ভেতর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার চার বছর বয়সী ছেলে হোসাইন এবং পাপিয়ার ভাই আবদুস সাত্তারের পাঁচ বছর বয়সী ছেলে জোবায়ের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশীরা ওই বাড়ির কোনো সাড়া-শব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে নিথর দেহগুলো পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের তিনটি কক্ষ থেকে তিনটি লাশ উদ্ধার করে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো অস্পষ্ট। লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

এ দিকে রাজবাড়ী পৌর শহরে পাওনা মাত্র দুই হাজার ৫০০ টাকা পরিশোধ না করায় জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর সাড় ১২টার দিকে শহরের ভিপি ফরিদ সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে এবং চার বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে জাহিদ বাড়ি থেকে অদূরে একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, গত সোমবার দুই ব্যক্তি বাড়িতে এসে পাওনা আড়াই হাজার টাকা নিয়ে জাহিদের সাথে কথা কাটাকাটি করেছিল।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে একে পূর্বশত্রুতার জের বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।