ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার আর্সেনালের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত পরশু দুর্ভাগ্যজনকভাবে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নিজেদের মাঠে এগিয়ে যাওয়া সেই লিড ধরে রাখতে পারল না আর্সেনাল। রক্ষণের ভুলে ব্রায়ান এমবেউমো গোল করলে সমতায় ফেরে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। প্যাট্রিক ডরগুর গোলে এরপর সফরকারীরা এগিয়ে গেলেও মিকেল মেরিনোর গোলে সমতায় ফেরে স্বাগতিক দল। তবে এতেও রক্ষা হলো না গানারদের। ম্যাথিয়াস কোনহার গোলে হাইভোল্টেজ ম্যাচে ৩-২ ব্যবধানে জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের এই পরাজয়ে লিগ শিরোপা লড়াই ফিরে পেল নতুন প্রাণ। অন্যান্য প্রতিযোগিতায় জয়ের ধারায় থাকলেও নতুন বছরে এই প্রথম আর চলতি মৌসুমে লিগে তৃতীয় হারের তেতো স্বাদ পেল আর্সেনাল।
প্রিমিয়ার লিগে আগের দিন ওলভারহ্যাম্পটনকে হারিয়ে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছিল ম্যানচেস্টার সিটি। পরের দিন সেই ব্যবধানকে বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল মিকেল আর্তেতার দলের। কিন্তু নিজেদের মাঠে পরাজয়ে সেই সুযোগ হাতছাড়া করল এমিরেটসের দলটি। তবে এই পরাজয়ের পরও ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৬। ৩৮ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসেলের মাঠে ২-০ ব্যবধানে জয়ে সিটির সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে অ্যাস্টন ভিলা। এদিন ১০ জনের দল ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে চেলসি। ব্রেন্ডফোর্ডের মাঠে ২-০ গোলের জয় নটিংহ্যাম ফরেস্টের।
এদিকে স্প্যানিশ লা লিগায় আবার টেবিলের শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের মাঠে গত পরশু ওভেইদোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ে ২১ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ঠেলে শীর্ষে ফিরল বার্সেলোনা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্নাব্যুর দলটি। এর পরেই ৪৪ পয়েন্ট নিয়ে আছে মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো।
ইতালিয়ান সিরি ‘আ’তে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস। নিজেদের মাঠ তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে গত পরশু বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে লুসিয়ানো স্পালেত্তির দল। এদিন নিজেদের মাঠ স্টাডিও অলিম্পিকোতে এসি মিলানকে ১-১ গোলে রুখে দিয়েছে এএস রোমা। এই ড্র’র ফলে ২২ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান মিলানের। ৪ পয়েন্ট কম নিয়ে তিনে আছে রোমা। আর রোমার সমান ৪৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চারে নাপোলি। এর পরেই ১ পয়েন্ট কম নিয়ে অবস্থান জুভেন্টাসের। আর ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।