উন্নয়ন, শৃঙ্খলা ও সবুজ নগর গড়ার অঙ্গীকার গাসিক প্রশাসক শওকতের
১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
নিজ এলাকার দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের অভিজ্ঞতা বুকে ধারণ করেই এবার পুরো নগরীর উন্নয়নের ভার কাঁধে নিলেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই তিনি ঘোষণা করলেন ১৮০ দিনের (ছয় মাস) একটি সমন্বিত কর্মপরিকল্পনা, যেখানে অগ্রাধিকার পাচ্ছে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, পরিবেশ সংরণ, সামাজিক শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন।
বুধবার সকাল ৯টায় নগর ভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি গাছের চারা রোপণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর স্থানীয় সরকার সচিবের সাথে ভার্চুয়াল সভা এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তার কর্মপরিকল্পনা।
প্রশাসক জানান, নগরবাসীর দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ লাঘবে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকার সাভার ও আশুলিয়ার সাথে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দু’টি সেতুর নির্মাণকাজ শুরু হবে। ঢাকার সাথে সংযোগকারী বিকল্প সড়কগুলোর উন্নয়নও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে।
পরিবেশ রায় দু’টি বড় উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মহানগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসে। একই সাথে ‘গ্রিন ও কিন সিটি’ গড়ার ল্েয ফুটপাথ দখলমুক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, অবৈধ ডিশ লাইন অপসারণ এবং সড়কবাতি স্থাপনের ঘোষণা দেন তিনি।
সামাজিক শৃঙ্খলা রায় সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রশাসক। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরীর ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি সুস্থ ধারার শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম বেগবান করার আশ্বাস দেন তিনি। সিটি করপোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে শওকত হোসেন সরকার বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নগরীর কাশিমপুর এলাকায় বাড়ি হওয়ায় উন্নয়নবঞ্চিত ওই জনপদের মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন অবহেলিত কাশিমপুরে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে, এমন আশাই করছেন এলাকাবাসী। গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগে কাশিমপুর ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত শওকত হোসেন সরকার পরপর দু’বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।