ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

১৫ লাখ পোস্টাল ভোটে পাল্টে যেতে পারে নির্বাচনের ফল

Printed Edition

- আসন ভেদে এই ভোটের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যাবে

আবদুল কাদের তাপাদার সিলেট

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে প্রায় ১৫ লাখ ৩৩ হাজার পোস্টাল ভোট। আসন ভেদে এই ভোটের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক আসনে ফলাফল নির্ধারণে পোস্টাল ব্যালট নিয়ামক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে জয়-পরাজয়ের হিসাব নতুন করে কষতে শুরু করছেন প্রার্থীরা। প্রবাসী অধ্যুষিত সিলেট-১ আসনে এ ভোটকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর শুরু হওয়া পোস্টাল ভোটে নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায়। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী দুই লাখ ৫২ হাজার ২৪৬ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক দুই লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২৯২ জন, কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

তথ্য অনুযায়ী, দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন সাত লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। জেলা ভিত্তিতে নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা যার সংখ্যা এক লাখ ১২ হাজার ৯০ জন। এরপর ঢাকা এক লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রাম ৯৫ হাজার ২৯৭ জন।

আসনভিত্তিক নিবন্ধনে সবচেয়ে বেশি পোস্টাল ভোটার রয়েছে ফেনী-৩ আসনে- ১৬ হাজার ৯৩ জন। এরপর চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন, কুমিল্লা-১০ আসনে ১৩ হাজার ৯৭৭ জন, নোয়াখালী-১ আসনে ১৩ হাজার ৬৫৮ জন, নোয়াখালী-৩ আসনে ১২ হাজার ৮২৯ জন, ফেনী-২ আসনে ১২ হাজার ৭৯৭ জন, কুমিল্লা-১ আসনে ১২ হাজার ৫৮৩ জন এবং সিলেট-১ আসনে ১২ হাজার ৪৫৮ জন।

এ ছাড়া কুমিল্লা-৫ আসনে ১২ হাজার ৩৭৩ জন, কুমিল্লা-৬ আসনে ১১ হাজার ৯৪৩ জন, চাঁদপুর-৫ আসনে ১১ হাজার ৮৫২ জন, নোয়াখালী-৫ আসনে ১১ হাজার ৬৭৫ জন, ফেনী-১ আসনে ১১ হাজার ২৪৬ জন এবং কুমিল্লা-৯ আসনে ১১ হাজার ১৮৫ জন পোস্টাল ভোটার রয়েছেন।

১০ হাজারের বেশি ভোটার রয়েছে এমন আসনের মধ্যে রয়েছে কক্সবাজার-৩, নোয়াখালী-৪, কুমিল্লা-৪ ও লক্ষ্মীপুর-২। ৯ হাজারের বেশি ভোটার রয়েছে ৯টি আসনে এবং আট হাজারের বেশি ভোটার রয়েছে ১০টি আসনে। সাত হাজারের বেশি ভোটার রয়েছে ১১টি আসনে এবং ছয় হাজারের বেশি ভোটার রয়েছে ২১টি আসনে। পাঁচ হাজারের বেশি পোস্টাল ভোটার রয়েছে ৪৬টি আসনে। পাঁচ হাজারের নিচে এবং দেড় হাজারের বেশি ভোটার রয়েছে এমন আসনের সংখ্যা ১৭৬টি। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট-৩ আসনে- এক হাজার ৫৯৫ জন।

ইসি সূত্র জানায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ছয় লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বাধিক দুই লাখ ৭ হাজার ৯৪৩টি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ১০ জানুয়ারির মধ্যে ভোটাররা পোস্টাল ব্যালট হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রা করা ভোটারের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে। প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় সঠিক ঠিকানা দিতে মেসেজ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকায় ভোট দিতে অম সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর চালু হওয়া অ্যাপটির মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করেছেন।