নওগাঁ-৬ আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৩ প্রার্থী জামানত হারালেন

Printed Edition

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামানত হারানোদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরও।

ফলাফলে দেখা যায়, এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির পেয়েছেন ১৯ হাজার ৬৩৮ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) পেয়েছেন ৫৫৫ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন এক হাজার ৮৩৩ ভোট। প্রদত্ত ভোটের অষ্টমাংশ ভোট না পাওয়ায় এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে মোট ভোটার ছিলেন তিন লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই লাখ ৩২ হাজার ৯২৩ জন ভোটার। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) এক লাখ আট হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৯ ভোট।

গণভোটে এ আসনে এক লাখ ৪৭ হাজার ৬১৮ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট এবং ৫৮ হাজার ৫৩৭ জন ভোটার ‘না’ ভোট পড়েছে।