বিদেশে থাকতে সেনাবাহিনীর অনুমতি লাগবে জার্মান পুরুষদের

Printed Edition

বিবিসি

জার্মানিতে ১৭ থেকে ৪৫ বছর বয়সী পুরুষদের দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে চাইলে আগে থেকেই অনুমতি নিতে হবে। দেশটিতে নতুন আইনের পরিবর্তনের ফলে এমন বিধান চালু হয়েছে। এই আইনে স্বেচ্ছায় সামরিক সেবার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জার্মান সরকার ‘মিলিটারি সার্ভিস মডার্নাইজেশন অ্যাক্ট’ নামের এই আইন ১ জানুয়ারি থেকে কার্যকর করেছে। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। বিবিসিকে পাঠানো এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১৭ বছর বা তার বেশি বয়সী পুরুষদের তিন মাসের বেশি সময় বিদেশে থাকতে হলে আগাম অনুমতি নিতে হবে। বর্তমান আইনে সাধারণত এই ভ্রমণের অনুমোদন দেয়া বাধ্যতামূলক। তবে কেউ নিয়ম ভঙ্গ করলে তা কিভাবে কার্যকর করা হবে, তা এখনো স্পষ্ট নয়। গত শুক্রবার ‘ফ্রাঙ্কফুর্টার রুন্ডশাউ’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আগে এই বাধ্যবাধকতাটি প্রায় নজরের বাইরে ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, এই বিধানের উদ্দেশ্য হলো ‘একটি নির্ভরযোগ্য ও কার্যকর সামরিক নিবন্ধন ব্যবস্থা নিশ্চিত করা।’ তিনি যোগ করেন, ‘জরুরি পরিস্থিতিতে আমাদের জানতে হবে, কারা দীর্ঘ সময়ের জন্য বিদেশে অবস্থান করছে।’ তবে বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে এই নিয়ম তরুণদের ওপর ‘দূরপ্রসারী’ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি জানানো হয়েছে, ‘অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে’ ছাড়সংক্রান্ত বিধিমালা আংশিকভাবে প্রণয়ন করা হচ্ছে।