রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ
আর্জেন্টিনার প্রতি বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন মামুনুল হক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো সি. চেসার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি নতুন নতুন অর্থনৈতিক খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে আল্লামা মামুনুল হক জানান, আর্জেন্টিনা বাংলাদেশের তৈরী পোশাক (জগএ) এবং ফার্মাসিউটিক্যালস (ওষুধ) খাতের উচ্চমান ও রফতানি সম্ভাবনার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আল্লামা মামুনুল হকের সাথে দলের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফরিদ খান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মামুনুল হকের প্রেস সচিব আশরাফুল ইসলাম সাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি করা এবং বাংলাদেশের উদীয়মান শিল্পখাতগুলোকে লাতিন আমেরিকার বাজারে আরো পরিচিত করে তোলা।