বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে স্টার্ক পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। বুমরাহর রেটিং ৮৬২।
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর ম্যাকাইয়ে যেন অন্য রূপে দেখা দেন স্টার্ক। তার তোপে দুই ইনিংসেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং।
প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি পেসার। তার আগুনে বোলিংয়ে মাত্র ৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও দাপট ধরে রেখে ৩৯ রানে নেন ৪ উইকেট।
ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্টার্ক। দুই টেস্টে তার শিকার ১২ উইকেট। তাতেই সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে স্টার্কের আগের সেরা অবস্থান ছিল দ্বিতীয়। গত বছর বক্সিং ডে টেস্টের পর দুইয়ে উঠেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের চূড়ায় জায়গা করে নিলেন ৩৬ বছর বয়সী এই পেসার।
গত দুই মাস ধরে শীর্ষে থাকা বুমরাহ এবার নেমে গেছেন দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে ৬৯৭ দিন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন ভারতীয় এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেয়া প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে শীর্ষ দশে ফিরেছেন ন্যাথান লায়ন।
এদিকে বাংলাদেশের শরিফুল ইসলামও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ম্যাকাই টেস্টে ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা শরিফুল ১৭ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠেছেন। বাংলাদেশের বোলারদের মাঝে সবার ওপরে আছেন তাইজুল ইসলাম, ১৩তম স্থানে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম। অ্যালেক্স ক্যারির অবনতিতে এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠেছেন তিনি।
অন্যদিকে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।