ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট : আলী রীয়াজ

Printed Edition
back-2
রাজশাহীতে গণভোটের প্রচারে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন ড. আলী রিয়াজ : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করলে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম খান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।

অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন ভোট দিতে চায়; কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

পরে বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় যোগ দেন অধ্যাপক আলী রীয়াজ। বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত নেয়ার একটি ঐতিহাসিক সুযোগ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো: জিল্লুর রহমান।