পঞ্চগড়ে তিন দিন পর ঝলমলে রোদ

Printed Edition

পঞ্চগড় প্রতিনিধি

টানা তিন দিন পর ঝলমলে রোদের দেখা মিলেছে পঞ্চগড়ে। গত মঙ্গলবার দিনভর ভারী কুয়াশা বৃষ্টির মতো ঝরার পর গতকাল বুধবার সকালেই উঁকি দিয়েছে সূর্য। প্রায় সারা দিনই ছিল ঝলমলে রোদ। সূর্যের উত্তাপ গায়ে লেগেছে বেশ। এতে গুমোট অবস্থা থেকে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বৃদ্ধ থেকে শুরু করে শিশুদেরও সকালের রোদ পোহানোর জন্য বাইরে বের হতে দেখা গেছে। আর গৃহিনীরা তিন দিনের জমানো ভেজা কাপড় শুকোতে দিয়েছেন।

এ দিকে একদিনের রোদে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বুধবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের চেয়ে দশমিক ২ ডিগ্রি বেড়ে গতকাল বুধবার সকালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, দিনে-রাতে ভারী কুয়াশার কারণে তিন দিন ধরে পঞ্চগড়সহ দেশের অধিকাংশ জেলায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এতে করে সর্বনিম্ন তাপমাত্রা বেশি একটা নিচে না নামলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। সেই সাথে উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হওয়া এ তীব্র শীত অনুভূত হয়েছে। বুধবার সারা দিন রোদ থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের তীব্রতা আগের চেয়ে অনেকটা কমে এসেছে। তবে ভারী কুয়াশা কেটে যাওয়ায় এখন থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরো কমবে।