বোয়ালখালীতে খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালের পানিতে উপুড় হয়ে পড়ে থাকা ওই নারীর পরনে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ এবং চুলে ক্লিপ ছিল। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে খাল দিয়ে পানির ঢল নামলেও বর্তমানে শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। ফলে লাশ ভেসে আসার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।