চবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে ভিসি শিক্ষার্থীদের স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি পরিহার করে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়ার বিকল্প নেই।’

শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. এস ফুয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, অলিম্পিক ও হলের পতাকা উত্তোলন করা হয়। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাশেদ জামিল ইফতি। ভিসি বিচারকদের পক্ষে প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং ক্রীড়াবিদদের পক্ষে তাইফুল আলম ফরাজীকে শপথবাক্য পাঠ করান। বিজ্ঞপ্তি।