তারেক রহমানকে অভিনন্দন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে পোশাক রফতানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় স্বপ্ন বাস্তবে রূপদান করা সম্ভব হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের লেখা এক অভিনন্দন বার্তায় এ কথা বলা হয়েছে। তারেক রহমানের দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিনন্দন বার্তায় প্রত্যাশার কথা জানিয়েছে সংগঠনটি।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন’ শীর্ষক ওই অভিনন্দন বার্তায় বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার (তারেক রহমান) অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে, সে জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে আপনাকে ও আপনার দলের সব স্তরের নেতাকর্মীদের জানাই আন্তরিক প্রাণঢালা অভিনন্দন।’
এতে বলা হয়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আপনার এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অভিনন্দন বার্তায় আরো বলা হয়, বিজিএমইএ পরিবারের যেসব সুযোগ্য সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের পোশাক শিল্পের সঙ্কট নিরসন এবং সামগ্রিক অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা নতুন সরকারের নেতৃত্বে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করি, যেখানে বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ আরো অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
আন্তর্জাতিক কিরাত সংস্থার মোবারকবাদ: ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের শীর্ষ নেতারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিদাতারা হলেন- সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান, নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর এবং মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
বিবৃতিতে নেতারা নবনির্বাচিত সব সংসদ সদস্যসহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও পুনর্বাসনের জন্য দোয়া করেন।
সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, রাষ্ট্রক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত ও গুরুদায়িত্ব। আমরা প্রত্যাশা করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে। দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বিবৃতিতে নতুন সরকারের প্রতি দেশের আলেম-ওলামা, হাফেজ-কারি এবং সাধারণ মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।