বগুড়ার মালগ্রাম সড়ক ২০ বছরেও সংস্কার হয়নি
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া শহরের বিভিন্ন সড়ক খানাখন্দে ভরে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের মালগ্রাম চাপড়পাড়ার দোলেগাড়ী মসজিদ থেকে চাপড়পাড়া তিনমাথা বটতলা পর্যন্ত প্রায় ৮০০ মিটার আধাপাকা সড়কটি।
সরেজমিন দেখা গেছে, প্রায় ২০ বছর আগে ইট সোলিং করে সড়কটি আধাপাকা করা হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে ইট উঠে গিয়ে কোথাও মাটি বের হয়ে ধুলাবালুর সৃষ্টি হয়েছে, আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এমন সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন পথচারী ও যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। শহরের মধ্যে এমন বেহাল সড়ক দেখে অনেকের কাছে এটি গ্রামীণ জনপদের মতো মনে হয়।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়া পৌর এলাকায় প্রায় ১,৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এখনো প্রায় অর্ধেক সড়ক আধাপাকা বা কাঁচা। প্রতি বছর সীমিত রাজস্ব থেকে কিছু সড়ক মেরামত ও নতুন নির্মাণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, জিব্রাইল হোসেন ও আব্দুল ওয়াহাব জানান, ‘দুই দশক আগে রাস্তা করা হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি পাকা করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।