আধিপত্য বিস্তার নিয়ে ২০ বাড়িতে হামলা-ভাঙচুর

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময়ে একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়াবাজার এলাকার দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে নগুয়া এলাকার ৪০-৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আখড়াবাজার পিটিআই গলিতে মহড়া দেয়।

এক পর্যায়ে তারা গলির দুই পাশের বিভিন্ন বাড়িতেও হামলা চালায়। হামলাকারীরা সময় টিভি, স্টার নিউজ ও চ্যানেল আই’র সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বাড়ির গেট, দরজা ও জানালা কুপিয়ে ভাঙচুর করে। একই সময় একটি বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও রথ্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো: আবুল কালাম ভূঁইয়া গণমাধ্যমকর্মীদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।