ফরিদপুরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, কৃষকদল সভাপতিকে জরিমানা
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসানকে (৪৩) ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দণ্ডাদেশ দেয়া হয়। কামরুল হাসান চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাইন উদ্দিন মাতুব্বর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে ঘোরাফেরা করতে দেখে কারণ জানতে চান। এ সময় তার হাতে ভোট দেয়ার কালি দেখতে পাওয়া যায়। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১(চ) ধারায় কামরুল হাসানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় শেষে তাকে ছেড়ে দেয়া হয়।