আমিরাতের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করল বাংলাদেশ : প্রধানমন্ত্রীর চিঠি
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠিতে এই সংহতি প্রকাশ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আবুধাবিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে এই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের ওপর সাম্প্রতিক হামলায় প্রাণহানি, য়তি ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসীকে আশ্রয় দেয়া এবং তাদের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতকে যে কোনো ধরনের সহায়তা দেয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দেশটির প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে আমিরাতে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি যে কোনো দেশের নাগরিক নির্বিশেষে আমিরাতে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার সরকারের অঙ্গীকারের কথা জানান। আমিরাতের মন্ত্রী বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুমায়ুন কবির আমিরাত নেতৃত্বের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন। তিনি সংলাপ ও কূটনৈতিক উপায়ে যে কোনো বিরোধ মীমাংসার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দ্বিপীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উভয় দেশ বর্তমান সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফরে রয়েছেন। ইতঃপূর্বে তিনি কাতার এবং ওমান সফর করেছেন। আঞ্চলিক নেতাদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়া এবং উপসাগরীয় দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করাই এ সব সফরের উদ্দেশ্য বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।