‘বাংলাদেশকে বাদ দেয়া একটি দৃষ্টান্ত’
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তকে ‘একটি দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার। তার মতে, কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কারণ দেখিয়ে আয়োজক দেশে যেতে অস্বীকৃতি জানায়, তবে তাদের বাদ দিয়ে পরবর্তী যোগ্য দলকে সুযোগ দেয়া উচিত।
বুচার বলেন, ক্রিকেটে এর আগেও বিভিন্ন সময় একটি বা একাধিক দলকে সুবিধা দিতে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু পরিবর্তনের উদাহরণ রয়েছে। তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলতে ভারতের অস্বীকৃতি এবং পরে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তবে তার মতে, সাম্প্রতিক সময়ে আইসিসি যে পথে হাঁটছে, তা আগে খুব একটা দেখা যায়নি।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুরুষদের টি-২০ বিশ্বকাপে ভারত সফরে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কয়েক সপ্তাহ আলোচনা শেষে গত ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ঠিক এক বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বুচার বলেন, খেলাধুলায় সততা ও মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত অর্থনৈতিক প্রভাবের চেয়ে। তার মতে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আইসিসির একটি স্পষ্ট নীতি থাকা দরকার। কোনো দল যদি সরকার বা নিজস্ব সিদ্ধান্তে কোনো টুর্নামেন্টে অংশ নিতে না চায়, তা হলে তারা সরে দাঁড়াবে এবং তাদের জায়গায় অন্য যোগ্য দল খেলবে।