পরিসংখ্যান দেখে দল নয় : বাশার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা আর সামনে কঠিন আন্তর্জাতিক সূচি- এই বাস্তবতাকে সামনে রেখেই জাতীয় দলের নির্বাচক প্যানেলে শুরু হলো নতুন অধ্যায়। যার নেতৃত্বে হাবিবুল বাশার সুমন।
শুরুতেই জানালেন, ‘আমরা পরিসংখ্যান দেখে দল বানাতে চাই না।’
নির্বাচক কমিটির গঠন নিয়ে সন্তুষ্ট তিনি, ‘এটি খুবই তরুণ ও এনার্জিটিক একটা প্যানেল হয়েছে। অনেক দিন ক্রিকেটের সাথে নেই, এমন কেউ নির্বাচক হলে ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ধারণা কম থাকে। নাদিফ আর নাঈম অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছে, খুব বেশি দিন হয়নি খেলা ছেড়েছে। কে কেমন করছে, তারা এটা ভালো জানে।’
নতুন এই প্যানেলে অভিজ্ঞতা ও সাম্প্রতিক মাঠ-সংযোগের মিশ্রণ রয়েছে। হাবিবুল বাশার ও হাসিবুল হোসেন শান্ত আগেও জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। অন্য দিকে বয়সভিত্তিক দলে কাজে অভিজ্ঞ নাদিফ চৌধুরী, আর নির্বাচক হিসেবে পুরোপুরি নতুন মুখ নাঈম ইসলাম।
নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী নাদিফ, ‘ওনারা (হাবিবুল ও হাসিবুল) দু’জন অভিজ্ঞ, আমরা দু’জন নতুন। তবে কাজটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। আমার জন্য খুব কঠিন কিছু হবে না। নতুনও লাগছে না একদমই। জায়গাটা শুধু বদলেছে, কাজ একই।’
নতুন নির্বাচক কমিটির সামনে প্রথম বড় চ্যালেঞ্জ আগামী ১৭ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা দিয়েই তাদের কার্যক্রমের বাস্তব পরীা শুরু হবে। এরপর রয়েছে টি-২০ সিরিজ।
বিদায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ইতোমধ্যে একটি প্রাথমিক স্কোয়াড রেখে গেছেন, যাদের নিয়ে কোচ ফিল সিমন্সের অধীনে অনুশীলন চলছে। ধারণা করা হচ্ছে, এই তালিকা থেকেই প্রথম সিরিজের দল চূড়ান্ত করবে নতুন নির্বাচক প্যানেল। সামনের দিনগুলোতে শুধু সিরিজ নয়, বরং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞতা নির্ভর দল নির্বাচন করার দিকেই নজর নির্বাচক কমিটির।
সেরা দলের প্রশ্নটি উঠছে মূলত নিউজিল্যান্ডের স্কোয়াড থেকে। তাদের শীর্ষ ক্রিকেটাররা ব্যস্ত রয়েছে আইপিএল ও পিএসএলে। বাংলাদেশ সফরের দুই সংস্করণের যে দল তারা ঘোষণা করেছে, সেটিকে ‘বি’ দল বলা যায়। টম ল্যাথামের নেতৃত্বে এই দলে প্রথম সারির অন্তত ১৫-১৬ জন ক্রিকেটার নেই। বাংলাদেশের তাই স্কোয়াড গঠনে কৌতূহল থাকছে। আগামী মার্চ প্রতিটি ওয়ানডে সিরিজই বাংলাদেশের জন্য বিশ্বকাপ বাছাইয়ের মতো। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে র্যাংকিংয়ের উন্নতির বিকল্প নেই। সবশেষ দু’টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপে জিতে রেটিং পয়েন্ট ও র্যাংকিংয়ে কিছুটা উন্নতি হলেও অনেক পথ পাড়ি দেয়ার বাকি। দেশের মাঠের সিরিজগুলোতে তাই জয় নিশ্চিত করা জরুরি।
নিউজিল্যান্ড যেখানে সেরা দল পাঠায়নি, বাংলাদেশের জন্য দারুণ সুযোগ সিরিজ জয়ের, এমনকি তিনটি ম্যাচই জিতে রেটিং পয়েন্ট বাড়ানোর। দেশের মাঠের সিরিজ বিধায় নতুন কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখার সুযোগ হতে পারে! আকার ইঙ্গিতে এমন কিছুর আভাস মিললেও ঝেড়ে কাশেননি প্রধান নির্বাচক। কারণ মাত্র তিন দিনই তো হলো উনার মেয়াদ।