নওগাঁয় মা-মেয়ে নিহত

অন্যান্য স্থানে আরো ৭ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নওগাঁর পতœীতলায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো সাতজন।

বাসস জানায়, নওগাঁ জেলার পতœীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা ট্রাক ভাঙচুর ও ট্রাকচালককে মারধর করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুর অভিমুখী কাঠবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়।

পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।

ধুনট (বগুড়া) সংবাদদাতা জানায়, সড়ক দুর্ঘটনায় বগুড়ার ধুনটে পবিত্র হাওলাদার (৩০) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র হাওলাদার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালোপাড়া এলাকার জিতেন্দ্র হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র হাওলাদার বিভিন্ন আড়ত থেকে মাছ কিনে ধুনটের হাটবাজারের বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি মঙ্গলবার ভোরে ধুনট থেকে সিএনজিতে শেরপুর উপজেলায় মাছ কিনতে যাচ্ছিলেন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে যাত্রীসহ সিএনজিটি উল্টো রাস্তার পাশের গর্তে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। সিএনজিতে থাকা আরেক যাত্রীও গুরুতর আহত হন।

বাসস জানায়, বগুড়া জেলার শ্যামবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শ্যামবাড়িয়া এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফানুস মিয়া শাজাহানপুর উপজেলার ঢাকাস্থ পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর ছেলে। তিনি মোটরসাইকেলে লিটুতলা থেকে মাটিডালি যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি ট্রলি ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বাইপাস সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রলিটিকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক ফানুস মিয়াকে টেনে কয়েক গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্য দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রদীপ (৪৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রদীপ ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রদীপের মৃত্যু হয়। সিএনজিতে থাকা অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় সিএনসি অটোর ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে। নিহত রিয়াজ উদ্দিন ধীতপুর গ্রামের টুংরাপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিন সরকার ভালুকা-গফরগাঁও সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গফরগাঁওগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভালুকা মডেল থানার এসআই সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীকে ধাক্কা দিয়ে সিএনজিটি দ্রুত চলে যায়।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে লরিচাপায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের ইউটার্নে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াইশ গ্রামের সিএনজি অটোরিকশাচালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

বদিউল আলম বলেন, তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে হুমাযুন কবির সবার ছোট। বড় ছেলে মো: সালাউদ্দিনের হাত ধরে সবজি ব্যবসা শিখেছিলেন হুমায়ুন। সবজি বিক্রি করে ভালো আয় হতো তার। নিজের আয়ে গ্রামে আলাদা করে পাকা ঘরও তুলেছেন হুমায়ুন।

মাথা চাপড়িয়ে কান্না করতে করতে বদিউল আলম বলেন, ছেলের আকিকা দিছে এক সপ্তাহ আগে, আজ খাটিয়ায় লাশ হয়ে শুয়ে আছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, মিঠাছড়া বাজারের ইউটার্ন এলাকায় একটি লরি মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবিরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। আইনগত প্রক্রিয়া মেনে তার লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার পর দু’টি যানবাহনই জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছেন।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক মো: আয়ুব আলী (৪৫) উপজেলার কুটরীপাড়া গ্রামের মৃত দুখাই আলীর ছেলে। গাড়িটি বগুড়া থেকে নওগাঁ নাটোর আঞ্চলিক সড়ক হয়ে নাটোর শহরে দিকে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা পৌরসভা মোড়ে ব্রেক ফেল করে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আয়ুব আলীকে ধাক্কায় দিলে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ড্রাইভার ও ম্যানেজারকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা পৌরসভার মোড়ে এ ঘটনা ঘটে।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যানচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারের আনিস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো: শাহজাহানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী বাজার করতে উপজেলার খিলপাড়া বাজারে যান। বাজার করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যান জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে।

লন্ডনে লরির নিচে পড়ে সিলেটের যুবক নিহত

সিলেট ব্যুরো জানান, যুক্তরাজ্যের লন্ডন নগরের একটি সড়কে লরির নিচে কাটা পড়ে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত অভিবাসী যুবকের নাম নাফিজুল হক শাকিল (২৩)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাতে লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি লরি তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৫ দিন চিকিৎসাধীন থেকে সোমবার তিনি মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ জানান, গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সঙ্কটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন। তিনি আরো বলেন, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে গত ১১ জানুয়রি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশী নিহত হয়েছেন। গত রোববার মাসরব আলী নামে আরেক বাংলাদেশী গাড়ি দুর্ঘটনায় মারা যান ম্যানচেস্টারের বোলটন এলাকায়।