প্রধানমন্ত্রীর বহর ঘিরে মানবপ্রাচীর
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনতার ঢল
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
পয়লা বৈশাখের ছুটির দিনে গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গড়ে ওঠা মানবপ্রাচীর ও নজিরবিহীন জনসমাগম দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ায় সরকারের উচ্চ মহলেও বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় এসেছে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল যাওয়ার পথে টঙ্গীর বিআরটি প্রকল্পের স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছলে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিপুল সংখ্যক জনতা সড়কের দুই পাশে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সেøাগান দিতে দিতে গাড়িবহরের গতি কমিয়ে সামনে মানবপ্রাচীর তৈরি করে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘নূরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে অন্যায়ভাবে কারাবন্দী। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।’
এক পর্যায়ে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকে দুই হাত তুলে শান্ত থাকার এবং সড়কের মাঝে কিছুটা ফাঁকা করে দেয়ার ইঙ্গিত দেন, যাতে গাড়িবহরটি এগিয়ে যেতে পারে। তবে সেই মুহূর্তেও জনতার কণ্ঠে উচ্চারিত হতে থাকে একটিই দাবি- নূরুল ইসলাম সরকারের মুক্তি।