গাংনীতে প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা ও চিরকুট রেখে হুমকি
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে দু’টি হাতবোমা ও চিরকুট রেখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে দু’টি হতবোমা ও চাঁদা দাবি সম্বলিত চিরকুটটি উদ্ধার করে পুলিশ। প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
চিরকুটে লেখা হয়েছে- শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন। আশা করি ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে অনেক টাকা খরচ তাইনা? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন তাই আমরা সোস্যাল মিষ্টি পাঠালাম, আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নাম্বার ০১৯৩৬-০২৪২৫৩ (নগদ) এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দিবেন। না দিলে ছেলে ও বিল্ডিং দুইটায় হারাবেন। নগদ বা বিকাশে টাকা না দিতে পারেন তাহলে নারগিসের বাথরুমের পেছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।
সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মানাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি হাতবোমা ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড়লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করেছে। স্থানীয় মুসল্লিরা সকালে প্যাকেটে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমা সাদৃশ্য বস্তু নিয়ে যায়।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ্য বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।