রাবিপ্রবিতে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
Printed Edition
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গতকাল বুধবার সকালে একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া তার কর্ম, চিন্তা ও আচরণে সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম ও আপসহীন অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি নারী শিক্ষা উন্নয়নে উপবৃত্তি চালু ও শিক্ষাব্যবস্থায় অবদানের কথা তুলে ধরে বলেন, তার দর্শন ও আদর্শ লালন করাই হবে আজকের শোকসভাকে অর্থবহ করার প্রকৃত পথ। তিনি বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জুনাইদ কবির বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয়, তিনি ছিলেন দেশ ও জনগণের নেত্রী। তার নেতৃত্ব, জনপ্রিয়তা ও জানাজায় জনস্রোতই তার প্রমাণ। তিনি দেশ ও জাতির ঐক্যের প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন।
এ সময় প্রক্টর সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।