অতিথি পাখি ও আমাদের দায়িত্ব
Printed Edition
সাঈদুর রহমান লিটন
বিকেল বেলা দোকানে বসে ছিলাম আমি। মনটা বেশ ভালো ছিল। কখনো কখনো এমনিই মন ভালো থাকে, কোনো কারণ ছাড়াই। মোবাইলে ফেসবুক দেখছিলাম। দোকানের পাশেই একটি হাইস্কুল, আর তার সামনে বড় একটি মাঠ। মাঠের পাশে সারি সারি মেহগনি গাছ আর নানারকম ফুলগাছও আছে। হঠাৎ মনে হলো একটু হাঁটাহাঁটি করি। মোবাইল রেখে স্কুল মাঠের দিকে গেলাম।
গোধূলি নামার আগের সময়। আকাশে সুন্দর সোনালি আলো। মাঝে মধ্যে পরখ বা পরিযায়ী পাখির ঝাঁক মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। শত শত পাখি! শীতের দেশ থেকে ওরা দূর পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে শীতকাল কাটাতে। আমাদের দেশে এরা অতিথি পাখি হিসেবে পরিচিত। জলাশয়ে সাঁতার কাটে, খাবার খোঁজে আর প্রকৃতিকে সুন্দর রাখে। তাদের দেখলে চোখ জুড়িয়ে যায়।
আমি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম। অতিথি পাখিদের দল আকাশে ডানা মেলে উঁচু-নিচু হয়ে উড়ছে। দারুণ দৃশ্য! মনটা আরো বেশি ভালো হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। মনে হলো গুলির শব্দ। বুকটা ধক করে উঠল। দেখি পাখির ঝাঁক থেকে কয়েকটি পাখি নিচে পড়ে যাচ্ছে। ওরা কাঁপছে উড়তে পারছে না। মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে।
আমি অবাক হয়ে চার দিকে তাকালাম কেন এমন হলো?
পেছনের দিকে তাকিয়ে দেখি চেয়ারম্যানের ছেলের হাতে একটা খেলনা বন্দুক নয়, আসল বন্দুক! সে অতিথি পাখিদের দিকে তাক করে গুলি করেছে। কয়েকজন যুবক দৌড়ে গিয়ে আহত পাখিগুলো ধরার চেষ্টা করছে।
আমার মন মুহূর্তেই খারাপ হয়ে গেল। অতিথি হয়ে আমাদের দেশে এসেছে সুন্দর নিরীহ পাখিগুলো, আর কেউ কেউ তাদের কষ্ট দিচ্ছে- এটা তো কখনোই ঠিক না।
আমি ধীরে ধীরে পড়ে যাওয়া পাখিদের দিকে এগিয়ে গেলাম। ওরা ছোট ছোট, রঙিন আর খুবই সুন্দর। আমি মনে মনে বললাম, এরা তো আমাদের বন্ধু। আমরা যদি এদের রক্ষা না করি, তাহলে প্রকৃতি সুন্দর থাকবে কীভাবে?
আমি সেই ছেলেদের বললাম, ভাই, পাখিগুলোকে ছাড়েন। এরা আমাদের দেশে অনেক কষ্ট করে আসে। এদের মারা খুব ভুল কাজ।
ছেলেরা প্রথমে হাসাহাসি করলেও বড়দের কাছ থেকে স্কুলে শেখা নিয়ম-কানুন বুঝিয়ে বলতেই তারা ধীরে ধীরে থেমে গেল। কয়েকজন বলল, আমরা জানতাম না যে এগুলো অতিথি পাখি! আমরা আর কখনো এমন কাজ করব না।
আমি তাদের বললাম, প্রতিটি প্রাণীই গুরুত্বপূর্ণ।
পাখি থাকলে প্রকৃতি থাকে, প্রকৃতি থাকলে আমরা থাকি। তারাও মাথা নেড়ে বলল ঠিক কথা। অতিথি পাখিরা আমাদের দেশে অতিথি। ওদের ভালো রাখার দায়িত্বও আমাদেরই।