বাগমারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সাথে কথা বলে নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।