দুমকিতে কুকুরের কামড়ে ৩২ জন আহত

Printed Edition

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। গত সোমবার সকাল থেকে উপজেলার নতুন বাজার, রাজাখালী, থানাব্রিজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় কুকুরটি পথচারীদের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন- আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) ও আবদুল লতিফ খানসহ (৯৫) আরো অনেকে। কয়েকজন পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ও স্থানীয় সূত্র জানায়, কুকুরটি হঠাৎ দৌড়ে এসে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত করে। স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, পবিপ্রবির আনসার সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ধরনের ঝুঁকি এড়াতে গৃহপালিত কুকুরকে নিয়মিত টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এখন পর্যন্ত ১৭ জন চিকিৎসা নিয়েছেন। সরকারি ভ্যাকসিন না থাকায় রোগীর স্বজনরা বেসরকারিভাবে সংগ্রহ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফরিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।