এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় : শাহজাহান চৌধুরী
Printed Edition
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনী অধ্যায় শেষ হয়েছে। এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। পারস্পরিক মান-অভিমান ভুলে সাতকানিয়া ও লোহাগাড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গত শনিবার রাত ৯টায় লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়া একটি সৌহার্দ্যপূর্ণ জনপদ। এখানে আমরা একে অপরের প্রতিবেশী, আত্মীয় ও সহযোদ্ধা। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাদেরও সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করা হবে। দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান লক্ষ্য।
তিনি জানান, এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে সাতকানিয়া ও লোহাগাড়ায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময়ে তিনি বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ। যারা তাকে সেবক হিসেবে নির্বাচিত করেছেন, এই বিজয় তাদের সবার। এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়- এটি সাধারণ মানুষের বিজয়। সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি এলাকার উন্নয়নে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা আরও গতিশীল হবে- এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। ভোটার, সমর্থক এবং ভিন্ন রাজনৈতিক মতের বন্ধুদের সহযোগিতা কামনা করেন। সহিংসতার রাজনীতি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠাই তার অঙ্গীকার।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা উন্নয়ন পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন বিষয়ে প্রশ্ন করলে তিনি সেগুলোর জবাব দেন এবং সবার সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।