নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

Printed Edition

আলজাজিরা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশে এক গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলার সময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এবং কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার স্থানীয় সময় কাসুওয়ান দাজি গ্রামের কাছে একটি জঙ্গল থেকে হামলাকারীরা বেরিয়ে আসে। তারা স্থানীয় বাজারে আগুন ধরিয়ে দেয় এবং দোকান থেকে মালামাল লুট করে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামলার পর কত জনকে অপহরণ করেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিবিসি হাউসা সার্ভিসকে এক স্থানীয় সাংবাদিক বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে অস্ত্র হাতে মানুষজনকে একত্র করে- তারপর তাদের গলা কেটে, আর অনেককে গুলি করে হত্যা করে। সশস্ত্র অপরাধী এসব চক্র স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত। তাদের এসব হামলা ও অপহরণের ঘটনা নাইজেরিয়ায় বহুদিনের সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে এমন ঘটনা আরো বেড়েছে। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা আবদুল্লাহি রোফিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।