ভোলায় জ্বালানি সঙ্কটে বন্ধের পথে কারখানা
Printed Edition
ভোলা প্রতিনিধি
জ্বালানি সঙ্কটে বন্ধের উপক্রম ভোলার বিসিক শিল্পনগরীর মেসার্স খান ফ্লাওয়ার মিলস ও মেসার্স জে. কে ট্রেডার্স কারখানা দু’টি। ফলে বেকার হয়ে পড়ার শঙ্কা অন্তত ২ শতাধিক শ্রমিকের। ফলে প্রায় এক হাজার মানুষের জীবন হয়ে উঠে দুর্বিষহ। গত শনিবার দু’টির স্বত্ত্বাধিকারী জামাল উদ্দিন খান। বিসিক শিল্প নগরীর কারখানা চত্বরে এ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন গড়ে ২-৪ শ’ লিটার জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু জ্বালানি সঙ্কটে উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে দু’টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে শ্রমিকদের জীবিকা সঙ্কটে পড়বে। এ অবস্থায় যদি প্রশাসন তেল কেনার অনুমতি দেয় তাহলে এ সঙ্কট দূর হবে, অন্যত্থায় বন্ধ হয়ে যাবে কারখানা।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। কয়েকটি ফিলিং স্টেশনে এবং ভোলার জ্বালানি তেল ব্যবসায়ীদের নিকট প্রয়োজন অনুযায়ী জ্বালানির জন্য আবেদন করেও কোনো তোল সংগ্রহ করা সম্ভব হয়নি। অথচ এর আগে স্থানীয় ডিলারের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ করা হতো।
তিনি জানান, পণ্য পরিবহন ও সরবরাহের জন্য কারখানার আটিটি গাড়ি এবং ট্রলার রয়েছে। এসব গাড়ি ও ট্রলারের জন্য প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ লিটার ডিজেল প্রয়োজন। উৎপাদিত পণ্য নিজস্ব গাড়িতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু ডিজেলের অভাবে পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এ অবস্থায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত না হলে ব্যবসাপ্রতিষ্ঠান দু’টি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।