৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে নারীদের ক্রিকেটের প্রচার ও প্রসার বেড়েই চলেছে। নারীদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগ বেশ কয়েক বছর ধরেই আয়োজন করে আসছে ভারত। এ ছাড়া নারীদের বিগ ব্যাশও চলছে অনেক বছর ধরে। দ্য হান্ড্রেডেও নারীদের জন্য থাকে আলাদা টুর্নামেন্ট। এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের বিপিএল।
নারীদের বিপিএল এতদিন আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। এবার চূড়ান্ত ঘোষণাই দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রথম আসরে তিন দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশী প্লেয়ারদের সাথে বিদেশী প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই। নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে। বিসিবির নারী উইং কমিটির প্রধানের দায়িত্বেও তিনি।
সার্বিক বিষয় নিয়ে রুবাবা জানান, ‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা খুব ভালো খেলছে। আশা করছি স্পনসরস ও দলের মালিক পেতে অসুবিধা হবে না। আমরা ওই ধরনের মালিকদের চাইব, যারা অন্তত কয়েক বছর দলের সাথে থেকে নারী ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন।’
মেয়েদের বিপিএল হবে জেনে খুশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, ‘বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।’
আগামী জুনে ইংল্যান্ডে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে যাওয়ার ঠিক আগে নারী বিপিএল ক্রিকেটারদের সাহায্য করবে বলেই বিশ্বাস জ্যোতির, ‘বিশ্বকাপে যাওয়ার আগে যখন ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলবেন, প্রস্তুতির দিকে থেকে সেটি অনেক সাহায্য করবে।’