ধানমন্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ৫
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। আটক হওয়া শিক্ষকের নাম আ ক ম জামাল উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেয়া বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে সেখানে যান কয়েকজন। এ সময় পরিস্থিতি বিবেচনায় তাদের থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। তবে বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।’
এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অধ্যাপক জামাল উদ্দিন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন হিসেবে উল্লেখ করে লেখেন, বিকেল ৪টায় ধানমন্ডি ৩২-এ গিয়ে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। একই সাথে তিনি অন্যদেরও দলে দলে যোগ দেয়ার আহ্বান জানান।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকেলে সেখানে কয়েকজন সমর্থক জড়ো হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের ধানমন্ডি থানায় নেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।