স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, প্রতিবেশী চাচা গ্রেফতার
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুলছাত্রী আয়েশা মনি (১১) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের একজন ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল প্যাদা (৩২) নিহত আয়েশা মনির প্রতিবেশী চাচা। রুবেল সদর ইউনিয়নের মাঝ নেতা গ্রামের বাসিন্দা। তার বাবাার নাম কুট্টি প্যাদা। গত রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল প্যাদা হত্যার কথা স্বীকার করেছেন। একই সাথে তিনি ঘটনায় জড়িত আরো একজনের নাম বলেন। পরে ওই ব্যক্তিকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে রুবেল প্যাদাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
রাঙ্গাবালী থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় আয়েশার বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে রোববার লাশ উদ্ধার করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে আসামিদেরকে গ্রেফতার করা হয়।