সেনাবাহিনীতে ব্যাপক সংস্কারের ঘোষণা জেলেনস্কির
Printed Edition
রয়টার্স
ইউক্রেনীয় সেনাবাহিনীতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সংস্কারের আওতায় সামরিক বাহিনীর সদস্যদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, গত এক মাস ধরে এই সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে এবং মে মাসের মধ্যে সব চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ‘আগামী জুনে এই সংস্কার কাজ শুরু হবে। বিশেষ করে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর সেনা, সার্জেন্ট ও কমান্ডারদের আর্থিক সহায়তার ক্ষেত্রে জুনের মধ্যেই প্রাথমিক ফলাফল দৃশ্যমান হতে হবে।’
ন্যায্যতার ভিত্তিতে বেতন বাড়ানোর ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। তার মতে, সম্মুখসারির যুদ্ধ, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে অবশ্যই বাড়তি বেতনের নিশ্চয়তা থাকতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘যুদ্ধে সরাসরি যুক্ত নন এমন পদগুলোর জন্য সর্বনিম্ন বেতন হতে হবে অন্তত ৩০ হাজার রিভনিয়া। অন্যদিকে, সম্মুখসারিতে যুদ্ধ করা সেনাদের বেতন এর চেয়ে কয়েক গুণ বেশি হতে হবে।’
পদাতিক বাহিনীর জন্য বিশেষ চুক্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি জানান, যুদ্ধের ওপর ভিত্তি করে এই চুক্তির আওতায় আড়াই লাখ থেকে চার লাখ রিভনিয়া পর্যন্ত অর্থ দেয়া হবে। এ ছাড়া ইউনিট গঠন ও কর্মী ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথাও তিনি উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছি। এর মাধ্যমে একটি নির্দিষ্ট মেয়াদ নিশ্চিত করা হবে। যারা আগে যোগ দিয়েছেন, তাদের জন্য চলতি বছর থেকেই পর্যায়ক্রমে অব্যাহতি নেয়ার সুযোগ তৈরি হবে।’
প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ ও সামরিক কমান্ডকে যুদ্ধক্ষেত্রের কমান্ডারদের সাথে আলোচনার নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। তাদের প্রস্তাবগুলো সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় নিতে বলা হয়েছে। সবশেষে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আমি এই সংস্কার বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপগুলোর একটি প্রতিবেদন চাই। সেখানে জুনে বর্ধিত বেতনের সময়সূচি ও হালনাগাদ চুক্তি ব্যবস্থার বিস্তারিত থাকতে হবে।’