বিএনপি নেতাদের গুম-হত্যা
জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক বিরোধীপক্ষ বিএনপি নেতাকর্মীদের গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি বিশেষ আদালত।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালত একই সাথে এ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহম্মদ রয়টার্সকে জানান, বর্তমানে ভিন্ন মামলায় কারাগারে থাকা মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (অব:) তারেক সাঈদকে লক্ষ্মীপুর ও কুমিল্লার দুটি মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলাগুলোর নথি অনুযায়ী প্রধান অভিযোগগুলো হলো লক্ষ্মীপুর হত্যাকাণ্ড : ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ নামে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ।
কুমিল্লা গুম : ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসাম এলাকা থেকে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগ।
প্রসিকিউশন জানায়, চলমান তদন্তে গুম ও হত্যার এসব ঘটনায় সাবেক এই দুই সামরিক কর্মকর্তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত ৪ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়ে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করেছিলেন।