জরুরি বৈঠকে মাচাদোকে আমন্ত্রণ ট্রাম্পের

Printed Edition

এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন ভেনিজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। আগামীকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার পর থেকে ভেনিজুয়েলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়া মাচাদোর এই প্রত্যাবর্তন কারাকাসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনের ওপর চাপ বাড়াতেই ট্রাম্প মাচাদোকে সামনে নিয়ে আসছেন বলে বিশ্লেষকদের ধারণা। গত ৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ও আদালতের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। তবে গত কয়েক দিনে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাচাদো নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরপরই ওয়াশিংটন মাচাদোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো দেলসি রদ্রিগেজের সাথে কাজ করে গেলেও তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বিশেষ করে ভেনিজুয়েলার বিশাল তেলের মজুদ সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের ইচ্ছা-অনিচ্ছার সাথে তাল মিলিয়ে না চললে দেলসিকেও চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে রিপাবলিকান এই নেতা স্পষ্ট করে দিয়েছেন।