পিরোজপুরে হামলায় বিএনপির ২ নেতা আহত

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

আহতদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অজ্ঞাত হামলাকারী অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।