চট্টগ্রামে মার্চ ফর প্যালেস্টাইন

ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমির মর্যাদা রক্ষা করা মুসলমানের দায়িত্ব : তাহের জাবেরী

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
3rd-4
চট্টগ্রামে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মার্চ ফর প্যালেস্টাইনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি : নয়া দিগন্ত

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস, আওলাদে রাসূল সা: আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী বলেছেন, ইহুদিবাদীরা এখন পর্যন্ত ৫০ হাজারেরও অধিক ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। এখনো তারা বর্বরতা চালাচ্ছে। ইহুদিরা মনে করে ফিলিস্তিনের মুসলমানরা নিরীহ। তারা নিরীহ নয়, তাদের পাশে রয়েছে বিশ্বের ২০০ কোটি মুসলমান। তিনি বলেন, ইহুদিদের সব পণ্য বর্জন করুন। আমরা হিন্দুস্থানের কোনো পণ্য গ্রহণ করব না। তাদের সব পণ্য আমাদের বর্জন করতে হবে। ফিলিস্তিনের পুণ্যভূমির প্রতিটি ইঞ্চির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

গত শনিবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মার্চ ফর প্যালেস্টাইনের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো দলাদলির পক্ষে না। মুসলমানদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সকলে একদল। আজ ফিলিস্তিনের শিশুরা এতিম হয়ে গেছে। তারা ঘাস খেয়ে বেঁচে আছে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা আজ পৃথিবীর ২০০ কোটি মুসলমানের দিকে চেয়ে আছে। তারা আমাদের ডাকছে। তিনি আরো বলেন, আমাদের হাতে সামর্থ্য না থাকলেও মুখে প্রতিবাদ করতে পারি। কিন্তু দুঃখজনকভাবে সেটাও অনেক মুসলমান তা করছে না। ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশী মুসলমানদের ফিলিস্তিনে যাওয়ার সুযোগ (ভিসা) করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই। আমরা কাউকে অন্যায় করতে দেবো না। আর অন্যায় প্রতিরোধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। সভাপতিত্ব করেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান। ওলামা মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা মোহসিন আল হোসাইনীর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, মাওলানা মমতাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বায়তুশ শরফের রাহবার আবদুল হাই নদভী, ড. বি এম মফিজুর রহমান আজহারী, অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা মামুনুর রশীদ নুরী, মাওলানা মুনিরুল ইসলাম রফিক, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, সমিলা সিরাজ মাদরাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান, মাওলানা সলিমুল্লাহ হাবিবী, মিডিয়া ব্যক্তিত্ব ড.ফয়জুল হক। সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল আন্দরকিল্লা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সভাপতির বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান।