৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশের সরকারি ও আধা-সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি।

গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দেশে শিকসহ বিভিন্ন পেশায় প্রায় ২৩ লাখ চাকরিজীবী সরকারি বেতন কাঠামোর আওতায় রয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে-স্কেল কার্যকর হওয়ার পর গত এক দশকে উল্লেখযোগ্য হারে মুদ্রাস্ফীতি বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিজীবীদের দাবির পরিপ্রেেিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনটি বিভিন্ন অংশীজনের সাথে প্রায় ১৪৮টি বৈঠক ও মতামত গ্রহণ শেষে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। তবে এখনো তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এনসিপির মতে, সাধারণত ৫ থেকে ৬ বছর পরপর বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা হলেও এবার ১১ বছর পার হলেও নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি, যা হতাশাজনক।

দলটি আরো জানায়, পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে তারা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। সম্প্রতি দলের এক সংসদ সদস্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।