নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন লোলো জুয়াই
Printed Edition
বিনোদন প্রতিবেদক
ফরাসি-আলজেরীয় বংশোদ্ভূত জনপ্রিয় গায়িকা ও গীতিকার লোলো জুয়াই তার ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নতুন অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন, তার নতুন অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে এবং তা প্রকাশের জন্য জমা দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে অত্যন্ত উচ্ছ্বাসের সাথে তিনি লিখেন, ‘২০২৬, অ্যালবাম সাবমিটেড। লেটস... গোওও!’ তার এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্ত তাকে অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়েছেন। ভক্তদের মতে, ২০২৬ সালটি সঙ্গীত জগতে লোলো জুয়াইয়ের রাজত্ব করার বছর হতে চলেছে। বিশেষ করে যারা তার গান এবং বহুমুখী শৈলীর জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এই খবরটি এক বিশাল স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে।
লোলো জুয়াইয়ের নতুন এই অ্যালবামে সঙ্গীতের এক অনন্য মিশ্রণ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার সাম্প্রতিক একক গান ‘৩-এএম ইন সান ফ্রান্সিসকো’ মুক্তির পর থেকেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। এই গানটি নিয়ে আলোচনা চলাকালীন লোলো ইঙ্গিত দিয়েছিলেন, তার নতুন কাজে তিনি ইংরেজি ও ফরাসিÑ উভয় ভাষারই সাবলীল সংমিশ্রণ ঘটাবেন। আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে আরএন্ডবি, ক্লাব-পপ এবং হিপ-হপের চমৎকার সমন্বয়ের জন্য তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন। শুধু নিজের একক গানই নয়, সঙ্গীতের অন্যান্য ক্ষেত্রেও তার মেধার স্বাক্ষর স্পষ্ট। ২০২৪ সালে তিনি জনপ্রিয় কে-পপ গ্রুপ ‘নিউ জিন্স’-এর জাপানি ডেবিউ গান ‘রাইট নাউ’ লিখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া গত বছরে মুক্তি পাওয়া তার ‘প্লিজ হোল্ড’ ইপিতে ‘জেটলাগ’ এবং ‘আন’-এর মতো গানগুলো তাকে গত বছরের অন্যতম আলোচিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নিজের ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় লোলো জুয়াই বারবার প্রমাণ করেছেন, কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে বড় স্বপ্ন পূরণ সম্ভব। ২০১৯ সালে তার প্রথম অ্যালবাম ‘হাই হাইস টু লো লোস’ মুক্তি পাওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে আসেন। এরপর ২০২২ সালে তার দ্বিতীয় অ্যালবাম ‘প্লে-গার্ল’ মুক্তির পর তাকে নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে দেখা যায়, যা ছিল তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। সেই অর্জনের কথা স্মরণ করে তিনি ভক্তদের জানিয়েছিলেন, পরিশ্রম ও নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলে সাফল্য আসবেই। বর্তমানে ব্রুকলিন এবং লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই শিল্পী ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৩০টিরও বেশি সফল কনসার্ট করেছেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে নতুন অ্যালবামের মাধ্যমে তিনি আবারো চার্টবারস্টার গান উপহার দেবেন বলে সঙ্গীত সমালোচকরা আশা করছেন।