বিরতি ভেঙে ফিরছেন অপু বিশ্বাস

Printed Edition
bino-5
বিরতি ভেঙে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে শুটিং সেটে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ নামের একটি নতুন ওয়েব চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবাজি’ ওয়েব চলচ্চিত্রের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছিল অপুর। তবে এবারের কাজ ‘শিকার’ থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে আবর্তিত হবে এই চলচ্চিত্রের কাহিনী।

কাজের ব্যস্ততা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘নতুন বছরে চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। এর পাশাপাশি ভালো মানের কনটেন্ট পেলে ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করছি। ‘শিকার’-এর গল্পটি অত্যন্ত চমৎকার, যা আমাকে এই কাজে আগ্রহী করে তুলেছে।’

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আগামী মার্চের শুরুতে পুরো দল চিত্রগ্রহণের জন্য নেপাল রওনা হবে। সিনেমার মূল আকর্ষণ হিসেবে কাজ করবে এর টানটান উত্তেজনার গল্প।

এই ওয়েব চলচ্চিত্রে অপুর বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দায় পরিচিত মুখ আলী মুর্তজা পলাশ। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকে পলাশের অভিনয় দক্ষতা দেখেই তাকে সিনেমার জন্য নির্বাচন করা হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি মানসম্মত কাজ উপহার দিতে চাই।’ এতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

‘শিকার’-এর পাশাপাশি অপু বিশ্বাস আরো দুটি বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন। এদিকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি প্রকাশিত পোস্টারে অপুর রক্তমাখা রহস্যময় অবয়ব ও ঠোঁটে আঙুল চেপে চুপ থাকার ইঙ্গিত দর্শকদের নজর কেড়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল।

এটি মূলত থ্রিলার ও হত্যাকাণ্ডের রহস্যভিত্তিক চলচ্চিত্র। এখানে অপুর সাথে দেখা যাবে তরুণ অভিনেতা আদর আজাদ ও পীযূষ সেনকে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অপু বিশ্বাস শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ঢালিউডে শাকিব খানের সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয় হলেও মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক ও মামনুন ইমনের মতো নায়কদের সাথেও সফলভাবে কাজ করেছেন তিনি।