ষষ্ঠ মেয়াদে নির্বাচিত জিবুতির প্রেসিডেন্ট ওমর গুয়েলেহ
Printed Edition
রয়টার্স ও বিবিসি
ষষ্ঠ মেয়াদে জিবুতির প্রেসিডেন্ট হলেন ইসমাইল ওমর গুয়েলেহ। ৯৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ২৭ বছরের শাসনের সময়সীমা দীর্ঘায়িত করলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন জিবুতি গত শনিবার এই তথ্য জানিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে ছোট হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব আফ্রিকার এই দেশটিতে নিজের আধিপত্য বজায় রাখলেন ইসমাইল ওমর গুয়েলেহ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি ছবি পোস্ট করে ৭৮ বছর বয়সী গুয়েলেহ জয়ের খবর জানান।
১০ লাখের কম জনসংখ্যার দেশ জিবুতি গালফ অব এডেনে এবং লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত। এখানে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে। ২০২৩ সাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাণিজ্যিক জাহাজ মেরামতের জন্য এই দেশটির বন্দরে নোঙর করেছে।
১৯৯৯ সালে চাচা হাসান গুলেদ আপতিদনের উত্তরসূরি হিসেবে মনোনীত হয়েছিলেন গুয়েলেহ। এর পর থেকে তার দল দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। ফলে নির্বাচনে তার এই জয় অনেকটাই নিশ্চিত ছিল।