বিরোধীদলীয় নেতা ডা: শফিকের সাথে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা গতকাল জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎগুলো অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা: শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাৎ করা প্রতিনিধিদের মধ্যে ছিলেন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্রবিষয়ক সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা। বাংলাদেশ সফররত এসব উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।