পাকুন্দিয়ায় নির্বাচন নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
Printed Edition
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমল হক। ইউএনও রুপম দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, থানার ওসি এস এম আরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজমল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ। এবারের নির্বাচনে সংসদীয় আসনের প্রতিনিধি নির্বাচন ছাড়াও দেশের মানুষের কল্যাণে গণভোটের আয়োজন করা হয়েছে। সব ভোটারদেরকে ‘হ্যাঁ’ ভোট প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও মেরামতে অবদান রাখতে হবে। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।