সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্কের সমাধান রাজপথে নয় সংসদে করুন : গোলাম পরওয়ার

Printed Edition
Back---------3
খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং করছেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, তার রায় এ সরকারকে মানতে হবে। কারণ তারা এটা মানতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কামনা করি সাংবিধানিক ও রাজনৈতিক এ বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদ চলমান থাকায় সেখানেই সমাধান করা হবে। কিন্তু সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির মতো সংসদে আলোচনা করার সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে, জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে আমাদের রাজপথে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।

খুলনায় আগামীকাল অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের নজির আমরা দেখেছি। কিন্তু এখনতো আরো বেশি দেখছি। স্থানীয় সরকার বিভাগের নিয়মকে তোয়াক্কা না করে সিটি করপোরেশন, জেলা পরিষদ এমনকি উন্নয়ন কর্তৃপক্ষেও প্রশাসক বসিয়ে দলীয়করণের নজির স্থাপন করা হয়েছে। এখনতো দেখছি বিএনপির স্লোগান পরিবর্তন করে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি হওয়া উচিত।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে খুলনা সার্কিট হাউজ মাঠের এ সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন উল্লেখ করে তিনি জানান, এ জন্য শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১১ দলের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আড়াই শ’ থেকে তিন শ’ হর্ন থাকবে সার্কিট হাউজ ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে। যাতে মানুষ সার্কিট হাউজে না গিয়েও বক্তব্য শুনতে পারে। বিভাগের অন্য ৯টি জেলা থেকে আগত যানবাহনগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য সাংগঠনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। বেলা ২টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত সমাবেশের মূল কার্যক্রম চলবে।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মোবারক হোসাইন। পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও খুলনা মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ নগরীতে লিফলেট বিতরণ করেন। পরে তারা সার্কিট হাউজ মাঠের নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করেন।