সুনামগঞ্জ মেডিক্যাল হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

Printed Edition
bangla-3
সুনামগঞ্জ মেডিক্যাল হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকল কলেজ ক্যাম্পাস ও ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সমিতির সভাপতি ও ব্যাংকার কবিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ। হাসপাতালের প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে তা চালু করা হচ্ছে না। ফলে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে পুরো জেলার মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও কেবল জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রজেক্ট অচল হয়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে কলেজে পূর্ণাঙ্গ একাডেমিক ক্লাস ও হাসপাতাল চালু করতে তারা প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সিলেট ব্যুরো।