কাউখালী-বরিশাল বাস নেই, ভোগান্তিতে যাত্রী

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশাল রুটে সরাসরি কোনো বাস সার্ভিস নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন এই রুটে শত শত মানুষ যাতায়াত করলেও শুধু সরাসরি বাসের অভাবে অবহেলিত স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।

ভুক্তভোগীদের অভিযোগ, সরাসরি বাস না থাকায় তাদের ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী খোকন জানান, মালামাল কিনতে সপ্তাহে কয়েক দিন তাকে বরিশাল যেতে হয়। সরাসরি বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে বেকুটিয়া অথবা রাজাপুর যেতে হয়, তারপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি মালামাল নিয়ে চরম হয়রানি পোহাতে হয়।

ভোগান্তির শিকার চাকরিজীবী রাকিব হোসেন বলেন, অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল নিতে হয়। ভেঙে ভেঙে গাড়ি বদল করতে গিয়ে বয়স্ক রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী আবু রায়হান ও সালমা সুলতানা জানান, ভোরবেলা রওনা হয়েও সরাসরি বাস না থাকায় ঠিক সময়ে ক্লাস-পরীক্ষায় অংশ নেয়া কঠিন হয়ে পড়ে, খরচও হয় দ্বিগুণ। স্থানীয়দের দাবি, দুর্ভোগ নিরসনে দ্রুত সরাসরি বাস সার্ভিস চালুর জন্য পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।