দেশের ১২টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ২য় সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১ম সেমিস্টার পরীক্ষা সম্পন্নকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর এক আদেশে এ কথা জানানো হয়। দেশের ১২টি পিটিআইয়ের সুপারিন্টেনডেন্টদের এই ভর্তি প্রক্রিয়া ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নেপ।

আদেশে বলা হয়, ডিপিএড প্রোগ্রামের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা গত ২ জুলাই সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর পরই গতকাল থেকে নির্ধারিত একাডেমিক রুটিন অনুসরণ করে ২য় সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তবে ভর্তি প্রক্রিয়া চলমান থাকলেও এই সেমিস্টারের নিয়মিত ক্লাস ইতোমধ্যেই গতকাল রোববার থেকে শুরু হয়েছে। ২য় সেমিস্টারের সকল পাঠ্যবইয়ের সফট কপি যথাসময়ে নেপের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nape.gov.bd) আপলোড করা হবে।

আদেশে বলা হয়, ২য় সেমিস্টারে ভর্তির জন্য নির্ধারিত ছয় হাজার টাকা ভর্তি ফি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীদের ব্যাংকে টাকা জমাদানের মূল রশিদ বা অ্যাপ স্টেটমেন্টের প্রিন্ট কপি এবং ১ম সেমিস্টারের প্রবেশপত্রের (অ্যাডমিট কার্ড) ফটোকপি নিজ নিজ পিটিআইয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আগামী ২০ জুলাই বিকেল ৪টার মধ্যে অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট পিটিআই কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট ভর্তি রেজিস্টারে প্রশিক্ষণার্থীদের তথ্য লিপিবদ্ধ করবেন এবং নাম ও রোল নম্বরসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২২ জুলাইয়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে (dpedboard82@gmail.com) নেপ-এ পাঠাতে বলা হয়েছে। বাসস